চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দোহাজারী হাইওয়ে পুলিশ সদস্যরা। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, মাইক্রোবাসটি প্রথমে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা গাড়ির ভেতর থেকে নিহতদের বের করে সড়কের পাশে রাখেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।