কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মোঃ রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় এলাকায় অবস্থানরত রাসেলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি (গোলা) এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক মোঃ রাসেল টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ডন রাসেল’ নামে পরিচিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেল মাদক ব্যবসা, মানবপাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ছিল তার নিয়মিত কার্যক্রম। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। এর আগেও বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল সে।
কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, জব্দকৃত অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।