রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশন-এ তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তেল নেওয়ার জন্য আসা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কয়েকজন মোটরসাইকেল চালক প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন চালাচ্ছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী আটজন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অভিযুক্ত আটজন চালকের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আইন অমান্য করে যানবাহন চালানো এবং তেল সংগ্রহে বিশৃঙ্খলা ঠেকাতেই এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, জনস্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। তিনি সকল চালককে বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান।
প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক নিরাপত্তাও নিশ্চিত হবে।