নোয়াখালীর সুবর্ণচরে দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে দায়ের হওয়া শ্লীলতাহানির মামলাকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা মাঠে আয়োজিত মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৯ নম্বর সমাজ বায়তুল হাবীব জামে মসজিদের সেক্রেটারি মো. জাহের হোসেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাফুজুর রহমান আল মাদানী এবং হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদ উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের দাবি, অভিযোগকারী ব্যক্তির আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে এবং তার কর্মকাণ্ডে অনেক পরিবার ভোগান্তিতে পড়েছে।
মানববন্ধনে জানানো হয়, মামলায় উল্লেখিত ঘটনার সূত্রপাত গত ৫ ফেব্রুয়ারি হলেও প্রায় দুই মাস ১০ দিন পর মামলা দায়ের করা হয়েছে, যা স্থানীয়দের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে। বক্তাদের দাবি, মিথ্যা অভিযোগের মাধ্যমে একজন শিক্ষকের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
এদিকে মামলার বাদী নিজের অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন এবং তার বিরুদ্ধে আনা পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন।
শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।