মেধাবী শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকই জাতি গড়ার কারিগর, তাই শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা বা অনিয়ম থেকে থাকলে তা খতিয়ে দেখা হবে। তিনি জানান, প্রতিটি বিষয় তিনি ক্ষুদ্র পর্যায় পর্যন্ত পর্যবেক্ষণ করবেন এবং মেধাবী কাউকে বাদ দিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। বিগত সময়ে নিয়োগে অনিয়ম হয়ে থাকলে তারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সরকার শিক্ষার্থীদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে উন্নয়নের মূল শর্ত ভালো ফলাফল। ফলাফল যত উন্নত হবে, শিক্ষা ও দেশের উন্নয়ন তত এগিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের অর্থে পড়াশোনা করছে। প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়। ফলে শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
শিক্ষার্থীদের সময়ের মূল্য বুঝে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিভাবক ও দেশের স্বপ্ন এখন তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে কাটানো প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং সেই প্রস্তুতিই আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।