রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সক্রিয় ভূমিকার কারণে হুমায়ুন কবির সাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।