রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- স্লোগানে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিজ্ঞান মেলা পরিদর্শন শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন উপস্থিত থাকবেন।