লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বিজিবির যোগাযোগ হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।