নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। ঈদুল আজহার আগেই নতুন একটি ফেরি যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা চৌঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান। দীর্ঘদিন ধরে যাতায়াত দুর্ভোগে থাকা দ্বীপাঞ্চলের মানুষের বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এই সফর বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, হাতিয়াসহ দেশের সব দ্বীপাঞ্চলের মানুষের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সকল নাগরিকের উন্নয়ন নিশ্চিত করতে সরকার মাঠপর্যায়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীপথ সচল রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। নদীর নাব্যতা বজায় রাখা হলে ফেরি চলাচল আরও স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ফেরি চলাচল নিরাপদ করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদীতীর স্থায়ী সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। পাশাপাশি নৌপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ঘোষিত উদ্যোগ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ফেরি সংকট দূর হয়ে হাতিয়ার মানুষের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।