নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে চারটি ড্রামে সংরক্ষিত ৭৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
এরপর একই দিনে দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে তিনটি ড্রামে রাখা আরও ৫৭০ লিটার ডিজেল উদ্ধার করে পুলিশ।
এ সময় চোরাই ডিজেল সংরক্ষণ ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।
হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুদ বা চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।