মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে জমির পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে এলাকার কৃষি জমিগুলো পানিতে ভরে যায়। ঝড়-বৃষ্টি থেমে গেলে বিকেল তিনটার দিকে বাড়ির পাশের পানিভর্তি জমিতে খেলতে নামে তিন শিশু। নিহতরা হলো— ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদরাসা শিক্ষার্থী জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদরাসা শিক্ষার্থী ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুলপড়ুয়া লাবিব আহমেদ (৭)।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনু জানান, সম্প্রতি মাটি কেটে নিচু করা একটি জমিতে পানি জমে ছিল। খেলতে গিয়ে শিশুরা সেই জমিতে নামলে হঠাৎ পানিতে ডুবে যায়। ঘটনাটি দেখতে পেয়ে এক পথচারী চিৎকার করলে স্থানীয়রা দ্রুত শিশুদের উদ্ধার করেন।
পরে তাদের স্থানীয় রবির বাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হতে পারে।