ঈদকে কেন্দ্র করে দেশের সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র তুলে ধরেছে সচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চ মাসে সারাদেশে সড়ক-রেল ও নৌপথে মোট ৫৮৭ জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে ঈদের আগে-পরের মাত্র ১৫ দিনেই নিহত হয়েছেন ৩৫৮ জন।
সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা জানান, ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে চরম নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা এবং পুলিশ-প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর অবহেলার কারণে ৩৫০১টি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৮৫৯ জন। প্রতিবেদনে বলা হয়, অদক্ষ ও ক্লান্ত চালকদের দ্বারা পরিচালিত বাস ও ট্রাক দুর্ঘটনা অতীতের ঈদগুলোর তুলনায় বেশি ঘটেছে।
পরিসংখ্যানে দেখা যায়, নারী ও শিশু হতাহতের হারও বেড়েছে। নারী ও শিশু মিলিয়ে আহত হয়েছেন ১৯৩৭ জন এবং নিহত হয়েছেন ২৯৪ জন। ষাটোর্ধ্ব পুরুষ আহত ৮১১ ও নিহত ১১২ জন। এছাড়া ১৮-৫৫ বছর বয়সী পুরুষ আহত ১১১১ এবং নিহত হয়েছেন ১৮১ জন।
সেভ দ্য রোডের চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও মহাসচিব শান্তা ফারজানাসহ গবেষণা সেলের তত্ত্বাবধানে দেশের ১৭টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন চ্যানেল, ২২টি অনলাইন নিউজ পোর্টাল এবং প্রত্যক্ষদর্শী ও স্বেচ্ছাসেবীদের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিবহন সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিয়েও বাস না পেয়ে ট্রাকের ছাদ ও পিকআপে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
গবেষণা সেলের মতে, ৩৮৫৯টি দুর্ঘটনায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩২০ কোটি টাকা। সংগঠনটি দাবি করেছে, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক, দুর্নীতি এবং আইন না মানার সংস্কৃতি দুর্ঘটনা বৃদ্ধির প্রধান কারণ।
দুর্ঘটনামুক্ত যাতায়াত নিশ্চিত করতে সরকারি সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।