দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী সংস্থাগুলো। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলের পন্টুন সরিয়ে তার নিচের অংশে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর রেকার মেশিন ব্যবহার করা হচ্ছে এবং নদীতে টাগবোট দিয়ে পন্টুন সরানোর কাজ সম্পন্ন করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উত্তাল পদ্মা নদী ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্বাভাবিক গতিতে চালানো কঠিন হয়ে পড়েছে। তবুও উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের কোনো স্বজন অপেক্ষা করতে দেখা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রেখে সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।