নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে টহল ডিউটি পালন করছিল। এ সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশ।
পুলিশ সদস্যরা তাদের দিকে এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়, তবে তাদের আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানোর সময় ফরহাদ ইসলাম ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দুটি তাজা কার্তুজও উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা তাদের পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুইজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।