কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং দুইজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪-এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশিরা হলেন হ্নীলা আলীখালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কারা গুলি করেছে, তা তদন্তের পর জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চলছিল। ওই সময় গাড়িতে গান-বাজনা বাজছিল এবং আশপাশে লোকজন জড়ো হয়। ঠিক তখনই একদল দুর্বৃত্ত হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়।
এতে সেখানে উপস্থিত দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আলীখালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, প্রচারণার সময় হঠাৎ কয়েকটি গুলির শব্দ শুনতে পান তারা। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে।