
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩০

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, টার্মিনাল ভবনসহ সব প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট অংশ দ্রুত সমাপ্ত করা হবে।
শেখ বশিরউদ্দীন বলেন, প্রথম দিকে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও আশ্বাস দেন, যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট সরবরাহের ব্যবস্থা করা হবে।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান এবং কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
