নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ২২ মে বিকেল সাড়ে ৪টায় ধামইরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মোট ৫৩ জন অসুস্থ, দরিদ্র ও কন্যা দায়গ্রস্ত ব্যক্তি এই সহায়তা পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন ধামইরহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেনমিন আকতার। তিনি উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “এই অনুদান যেন আপনাদের সাময়িক কষ্ট লাঘবে সাহায্য করে, এই প্রত্যাশাই আমাদের।” তিনি আরও বলেন, “সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছে, এই অনুদান তারই একটি অংশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম। তিনি জানান, প্রতিটি উপকারভোগী ব্যক্তি ও পরিবারকে প্রয়োজন অনুসারে অনুদান প্রদান করা হয়েছে, যার মোট পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। অনুদানপ্রাপ্তদের মধ্যে কেউ অসুস্থতায় ভুগছেন, কেউ শিক্ষার্থী, আবার কেউ কন্যাদায়গ্রস্ত – যারা সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাস করছেন এবং সরকারি সহযোগিতার অপেক্ষায় ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মি. খবির চন্দ্র মাহাতো, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত এবং সাংবাদিক মুমিনুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
অনুদানপ্রাপ্তদের মধ্যে অনেকেই এই সহায়তা পেয়ে আনন্দিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। কেউ কেউ জানান, চিকিৎসা খরচ, মেয়ের বিয়ে কিংবা শিক্ষার ব্যয়ভার বহনে এই অর্থ বড় সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে এক অনাড়ম্বর পরিবেশে উপস্থিত সকল উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
এই ধরনের কার্যক্রমের ফলে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী কিছুটা হলেও সহানুভূতির পরশ পায় এবং সরকারী সহায়তা প্রাপ্তির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ পায়।