
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৯

দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় একই দিন বিকেল ৫টায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান, নন্দীপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোতালেব হোসেন সহ খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন জানান, এবারে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি স্কুল ও মাদ্রাসার দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলায় পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ও গোহাড়া হাইস্কুল অংশগ্রহণ করে। টসে জিতে পাউশগাড়া ফাজিল মাদ্রাসা ৬৩ রানের টার্গেট দেয়। পরে গোহাড়া হাইস্কুল শেষ ওভারের শেষ বলে সিক্স মেরে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গোহাড়া হাইস্কুলের চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে খেলার অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এছাড়াও, খেলার আয়োজনে উপস্থিত সকল শিক্ষার্থী এবং দর্শকরা একে অপরকে সহযোগিতা এবং উৎসাহ দিয়ে খেলাটি সফল করে তুলেছেন।