
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৬

বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আলী আহমেদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সাহান শাহ চৌধুরী সামু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার কোচ জহিরুল আলম নবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
টুর্নামেন্টের প্রথম ফাইনালে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়, যেখানে চরকুশরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১-০) ব্যবধানে হাসান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর পরপরই বালকদের ফাইনাল ম্যাচ শুরু হয়, যেখানে একতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, উক্ত দুইটি বিদ্যালয় পরবর্তী সময়ে জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে হিজলা উপজেলা শিক্ষা অফিস থেকে।

এদিকে, টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে। আয়োজকরা আগামী দিনগুলোতে আরও বড় আকারে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।