
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৩৩

খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দ্রুত সংস্কারের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজিত হয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, এবং স্থানীয় বিভিন্ন শিক্ষক ও সমাজসেবী। বক্তারা সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকার জনগণের ব্যাপক দুর্ভোগের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক, যা খাগড়াছড়ি সদর, পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষের চলাচলের প্রধান পথ। এই সড়কটি পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর সাথে জেলা সদরের যোগাযোগ নিশ্চিত করে, যেখানে পর্যাপ্ত শিক্ষা বা চিকিৎসা সুবিধা না থাকায় জনগণ প্রতিনিয়ত জেলা সদরে যেতে বাধ্য হয়। তবে সড়কের বেহাল অবস্থা তাদের জন্য কঠিন সমস্যার সৃষ্টি করছে।

সড়কটির ভাঙাচুরা, খানাখন্দ এবং অদক্ষ সংস্কার কাজের কারণে শিক্ষার্থীরা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে, জরুরি রোগীদের পরিবহণে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে এবং গর্ভবর্তী মায়েদের চিকিৎসার জন্য যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বক্তারা অভিযোগ করেন যে, ২৫ কিলোমিটার সড়ক পার করতে তারা ব্যথানাশক ওষুধ সেবন করতে বাধ্য হন। এছাড়া, কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন না, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
এছাড়া, সড়কের অবস্থার কারণে দুর্ঘটনা বেড়ে গেছে, যা আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বক্তারা সরকারের ও প্রশাসনের নিকট দ্রুত সংস্কারের দাবী জানিয়ে বলেন, "এটি আমাদের প্রাণের দাবি, সড়কটির সংস্কার করা না হলে জনগণের অসন্তোষ আরও বাড়বে, এবং এর ফলাফল ভয়াবহ হতে পারে।"
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে সড়কটির পূনঃনির্মাণ বা মানসম্মত সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।