
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬

"নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি বলেন, বেগম রোকেয়া ছিলেন একজন অগ্রণী নারী মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও শিক্ষাবিদ। তার সংগ্রামী জীবন নারীদের অধিকারের জন্য একটি অনুপ্রেরণা। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারী অধিকার ও বেগম রোকেয়ার অবদানের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর তিনটি ক্যাটাগরিতে (জননী, সমাজ সেবায় অনন্য ভূমিকা ও নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু) শ্রেষ্ঠ তিন জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ বছর শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে পরীবানু (জননী), সাবিয়া সুলতানা (সমাজ সেবা) এবং পারুল নাহার (নতুন উদ্যমে জীবন শুরু) পুরস্কৃত হন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞন আ কুমার, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি, সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা নারীর উন্নয়নে সমাজের সকল অংশের একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই কর্মসূচি নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং সমাজে নারীদের অবস্থান আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজিত হয়।