
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬

টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওমান প্রবাসী নুরুল হুদা (২৩)। পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত এই যুবক এখন মৃত্যুর প্রহর গুনছেন, তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি বাড়িতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন।
নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের মাওলানা বেলাল উদ্দিনের পঞ্চম সন্তান। ২০২২ সালের ডিসেম্বর মাসে জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তবে ভাগ্যের নির্মম পরিহাস, প্রবাস জীবনে এক বছর কাটতে না কাটতেই তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন।
বাবা মাওলানা বেলাল উদ্দিন জানান, ওমানে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নুরুল হুদাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে দেশে পাঠানোর পরামর্শ দেন, এবং মালিকপক্ষ তাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে ফিরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, তিনি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসা নিতে হবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থ নেই।

নুরুল হুদার বড় ভাই মো. আবদুল্যাহ জানান, গত পাঁচ মাস ধরে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, যেখানে খরচ হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। পরিবারের সদস্যরা ধার-দেনা করে এই টাকা সংগ্রহ করেন, তবে নিন্ম মধ্যবিত্ত পরিবারের পক্ষে এরকম বিশাল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। এর ফলে শেষ পর্যন্ত নুরুল হুদাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, এবং বর্তমানে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
বাবা মাওলানা বেলাল উদ্দিন আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হুদার সুস্থ হতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে, পরিবারের সামর্থ্য নেই সেই চিকিৎসার ব্যবস্থা করার। তার অবস্থা এখন আরও খারাপ হয়ে যাচ্ছে এবং শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে। বর্তমানে, নুরুল হুদা বাড়ির একটি কক্ষে শয্যাশায়ী হয়ে মৃত্যুর প্রহর গুনছেন।
সামাজিক ও মানবিক সাহায্যপ্রার্থীর পরিবার এখন সমাজের কাছে সাহায্যের আবেদন করছে, যেন তারা এই প্রিয় সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারে এবং তাকে বাঁচাতে সহায়তা পায়।