খাগড়াছড়ি জেলা সদর থেকে ৪টি মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত ১৪ নভেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলার একটি দোকান থেকে বের হওয়ার সময় বিকাশ ব্যবসায়ী মেনন ধর ছিনতাইকারীদের হাতে পড়ে মারধর ও ছুরিকাঘাতের শিকার হন। ওই সময় তার কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন এবং ট্যাব ছিনতাই করা হয়।
এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ১৭ নভেম্বর মামলা রুজু হয় এবং তদন্ত শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ৮ ডিসেম্বর গঞ্জপাড়া এলাকা থেকে মীর হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়ায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীর হোসেন স্বীকার করেন যে, তিনি তার দুই সহযোগীর সাথে মিলে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিলেন। পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, এই ঘটনায় আরো অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, তথ্যপ্রযুক্তি ও আভিযানিক টিমের তৎপরতায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে।