
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৬

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। এই উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, করাচিতে হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সঙ্গে এক বৈঠকে মাহবুবুল আলম বলেন, "দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য হায়দ্রাবাদে একটি যৌথ প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের ভিসা প্রক্রিয়া সহজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ডেপুটি হাইকমিশনার আরও বলেন, "বাংলাদেশের পণ্য বর্তমানে ৮০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। পাকিস্তানের সঙ্গে আরও দৃঢ় বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা গেলে এই সুযোগ আরও বাড়বে।"


পাকিস্তানি এয়ারলাইন্স পিআইএ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছিল। বাংলাদেশি যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে তারা ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এর পাশাপাশি, পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশিদের জন্য অনলাইনে ই-ভিসার সুবিধা চালু করেছে, যা কয়েক ঘণ্টার মধ্যেই প্রদান করা হচ্ছে।
মাহবুবুল আলম বলেন, "পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশকে আকর্ষণীয় বাজার হিসেবে দেখার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্কের আরও বিকাশ ঘটানো হবে।"
বিশেষজ্ঞদের মতে, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।