
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর প্রশিক্ষণ কর্মশালা।
উপজেলার ১নং জোন (কুল্যা ও বুধহাটা) এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের জন্য ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয় বৃহস্পতিবার সকালে। কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের।
কর্মশালার উদ্বোধন করেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জোনাল অফিসার তাপস কুমার বিশ্বাস, আইটি সুপারভাইজার ওয়ালিউল্লাহ এবং শুমারির অন্যান্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
কর্মশালা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণের পর ১০ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম শুরু হবে, যা শেষ হবে ২৬ ডিসেম্বর।
অন্যদিকে, ৪নং জোনের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের জন্য পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আনুলিয়া ইউনিয়নের বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জনের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী রুহুল কুদ্দুস।

এ কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু দাউদ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন জোনাল অফিসার দীপক কুমার মল্লিক এবং আইটি ট্রেইনার আল আমিন।
আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরা, যা দেশের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।
### ক্যাপশন
কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকী পলাশ আশাশুনিতে অর্থনৈতিক শুমারির উদ্বোধনী বক্তব্য রাখছেন।