
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২:২৩

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সমাবেশের শুরুতে পুলিশ সুপার আরেফিন জুয়েল পাহাড়ের উন্নয়ন ও শান্তি রক্ষায় এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "সম্প্রীতি রক্ষার জন্য পারস্পরিক সম্মান ও সহযোগিতা অপরিহার্য। সংঘাত-সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য।"
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। অংশগ্রহণকারীরা পাহাড়ি-বাঙালির মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, সংঘাত নিরসন, এবং পাহাড়ের সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
পুলিশের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, "খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, পাহাড়ি ও বাঙালির মধ্যে সুসম্পর্ক স্থাপন করে এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।"
এসময় সাম্প্রতিক সময়ে পাহাড়ে সংঘাতের বিষয়গুলোও আলোচনায় আসে। অংশগ্রহণকারীরা দাবি করেন, সংঘর্ষের পেছনে স্থানীয় ও বাইরের কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত। এসব গোষ্ঠীর কার্যক্রম বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
পাহাড়ের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় পুলিশের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা সবাই মিলে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ ধরনের সম্প্রীতি সমাবেশ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।