
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২:৭

বিশ্ব মানবিক মর্যাদা দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল চৌমহনা চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের অর্থ সম্পাদক বিমল কর, জেলা কো-অর্ডিনেটর জিয়ান মাদ্রাজি, প্রোগ্রাম অফিসার মনোজ তাঁতী, এবং হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস রাজগড়সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো:
১. জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।
২. জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
৩. জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
৪. মহানগর ও পৌর এলাকায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা এবং গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে খাস জমি বরাদ্দ দিতে হবে।

৫. পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সুরক্ষা উপকরণের ব্যবস্থা করতে হবে।
৬. সরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা চালু করতে হবে।
৭. সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা চালু করতে হবে।
৮. দলিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে বক্তারা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে তাদের দাবি আদায়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এই কর্মসূচি দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।