
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২:৫

খাগড়াছড়ির সাজেকে পর্যটন আবারও সচল হয়েছে। গত কয়েকদিনের গোলাগুলির ঘটনার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শতাধিক চান্দের গাড়িতে শত শত পর্যটক সাজেকে পৌঁছেছেন। এলাকাটি এখন সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন এবং কটেজ মালিকরা।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে প্রায় ১০০ জীপ গাড়িতে পর্যটক সাজেকে এসেছেন। বর্তমানে সাজেকে প্রায় হাজারের মতো পর্যটক অবস্থান করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পর্যটকরা নিশ্চিন্তে ভ্রমণ করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, "পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। শীঘ্রই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার বাঘাইছড়ির সাজেকের দক্ষিণে শীব পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-প্রসীত গ্রুপ এবং পিসিজেএসএস-সন্তু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারছেন।
স্থানীয় বাসিন্দারা এবং পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন। সাজেক ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য এটি স্বস্তির খবর।