
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫২

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বাঙালি শেড থেকে সোহান প্রামানিক (২০) নামে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (৪ ডিসেম্বর) সন্ধ্যার পর বিদ্যুৎ কেন্দ্রের ব্র্যাকের বি-৩ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহান পাবনা সদর থানার বাহাদুরপুর এলাকার মধু প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহান ম্যানপাওয়ার সাপ্লাইয়ার গাজী এন্টারপ্রাইজের মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। গত ২০ নভেম্বর বাড়ি থেকে কাজে যোগদানের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত দুইদিন ধরে বাঙালি শেডে অবস্থান করছিলেন।
গতকাল রাতে তার খালাতো ভাই অন্তর কাজ শেষে সোহানের কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন কক্ষের দরজা খোলা ছিল। বিষয়টি দ্রুত জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, "মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে।"
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।