
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আব্দুর রহমান (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সীমান্তের ২৮৫/৯ এস পিলার দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহমান ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তারজুমানুল হক।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন জানান, সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় বিজিবির একটি দল আব্দুর রহমানকে আটক করে। তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তবে তার কাছে বৈধ কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি।
বিজিবি রাত সাড়ে ১০টায় তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, "বুধবার রাতে বিজিবি সদস্যরা আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন এবং থানায় মামলা দায়ের করেন। আজ তাকে আদালতে পাঠানো হবে।"
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে। অনুপ্রবেশের ঘটনা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
**প্রতিবেদক:** গোলাম রববানী
**হিলি, দিনাজপুর**
**ইনিউজ৭১**