
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের প্রায় ১০ শতক সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান। অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে ১৮৬ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা পরিষদের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আশপাশের এই জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবলে ছিল। কিছু হকার ও হোটেল ব্যবসায়ী টিন ও বাঁশের স্থাপনা তৈরি করে জমিটি দখল করেছিল। উপজেলা প্রশাসনের সামনে জমি দখল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।
সরাইলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই এ পদক্ষেপ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, "সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, "সরকারি জমি কেউ দখল করে রাখতে পারবে না। জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।"
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শুধু সরকারি জমি নয়, সকল প্রকার দখলদারির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।