
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ২:০

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তুরস্কের ইজার ক্যাপাসি নামক একটি মানবিক সহায়তা সংস্থা স্থানীয়দের মধ্যে বিভিন্ন সাহায্য বিতরণ করেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রণে শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলার কালাইয়া, ইন্দুরকানী ও বৌডুবীসহ কয়েকটি স্থানে এ সহায়তা প্রদান করা হয়।
এ সহায়তার মধ্যে ছিলো শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরের জন্য দুটি দোকানঘর নির্মাণ, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা স্থাপন, ৫টি গরু ও ১৫টি ছাগল দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ, ২৩টি গভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবারসহ একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা আবদুল হাই, উপজেলা সভাপতি মো: মামুন হোসাইন, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নসহ মানবিক কর্মকাণ্ডে জড়িত। মাসুদ সাঈদী জানান, তিনি তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক স্থাপন করে স্থানীয়দের জন্য এ সহায়তা কার্যক্রম শুরু করেন। সংস্থাটি ইতিমধ্যে রোহিঙ্গাদের সহায়তায় অনেক কাজ করেছে এবং এবার তারা ইন্দুরকানী উপজেলায় হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে।

মাসুদ সাঈদী আরও জানান, ভবিষ্যতেও এই সংস্থা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে এবং আরও অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য দারিদ্র্য কমানো এবং সমাজের অসহায় মানুষদের সহায়তা প্রদান করা। আমরা তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই মহৎ উদ্যোগের জন্য।"
এমন মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। বহু পরিবার এই সহায়তার ফলে জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পেয়েছে।