
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ২০:৪৯

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাত সেতুর ঢালে বাসের চাপায় বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইউনুস বিশ্বাস নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অন্তরা পরিবহনের বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে, এবং চালক ও হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইউনুস বিশ্বাস মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির অন্তরা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই এলাকায় ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এরপর ২ নভেম্বর ওই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর মারা যায়। সর্বশেষ, সোমবারের এই দুর্ঘটনায় নিহত হলেন ইউনুস বিশ্বাস।