
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ২১:৪৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি আল্টিমেটাম দেখা দিয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসন মাইকিং করে ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে জানানো হয়, আজ সোমবার দুপুরের মধ্যে না সরালে বিকেলে অভিযান চালিয়ে সেগুলো ভেঙে ফেলা হবে।
এদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, জেলা প্রশাসন যদি তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান চালায়, তাহলে তারা তা প্রতিহত করবেন এবং দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটের ঘোষণা দেবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, "প্রথমে আমাদের পুনর্বাসন করুন, তারপর উচ্ছেদ করুন।"
এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ব্যবসায়ীরা অনেক দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন। আগামী ১৫ নভেম্বর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান ও রাস পুর্ণিমার মেলা অনুষ্ঠিত হবে, যা উচ্ছেদ অভিযানের পেছনে একটি কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কুয়াকাটা জিরো পয়েন্টসহ সৈকত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে এ অভিযান শুরু হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর তাদের উচ্ছেদ করা হয়, যার ফলে তারা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেছেন, "যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য উচ্ছেদ হয়, তবে অবশ্যই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।"
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেছেন, "এটা জেলা প্রশাসনের বিষয় এবং তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদের চেষ্টা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।