
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ১৬:৫২

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যেখানে তিন বিএনপি ও যুবদলের নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এ হামলার সময় সন্ত্রাসীরা গুলি চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।
আহতদের মধ্যে রয়েছেন আফজাল হোনেসের তিন ছেলে: আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) এবং শফিকুল ইসলাম (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করার সময় হঠাৎ মোটরসাইকেলে এসে হামলাকারীরা গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। হামলায় ব্যবহৃত একটি ওয়ান শুটার গান এবং মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে যায় সন্ত্রাসীরা।
স্থানীয়রা হামলাকারীদের আওয়ামী লীগের ক্যাডার হিসেবে চিহ্নিত করেছে। হামলার পর আহতদের প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি নেতাদের ওপর এই হামলার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর একজনকে আটক করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। হামলার পিছনে থাকা সন্ত্রাসীদের নাম প্রকাশ করেছেন বোয়ালিয়া ইউনিয়নের বিএনপি সদস্য মাহবুব হাসান। তিনি দাবি করেন, মোহাম্মদ আলী নামে একজন সন্ত্রাসী এই হামলার নেতৃত্ব দিয়েছে।