
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. শহীদুজ্জামান বেল্টু (৭৮) ইন্তেকাল করেছেন। সোমবার (২৮ অক্টোবর) রাত পোনে ১২টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। জানা গেছে, শহীদুজ্জামান বেল্টু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ধোপাদী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে এরশাদ সরকারের সময় জাতীয় পার্টিতে যোগদান করেন এবং এরশাদের পতনের পর বিএনপিতে প্রবেশ করেন।
১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত পরপর চারবার নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি সংসদ সদস্য হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার সময়ে এলাকার স্কুল, কলেজ, ব্রিজ ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ঘটে।

শহীদুজ্জামান বেল্টুর প্রথম জানাযা মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর জোহর বাদ কালীগঞ্জ সরকারি ভুষন স্কুল মাঠে এবং তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বেল্টুর মৃত্যুতে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা দলে দলে তার বাসভবনে জড়ো হয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ, এর মধ্যে এটর্নি জেনারেল এ্যড আসাদুজ্জামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ গভীর শোক প্রকাশ করেছেন।