
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৮:৫১

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুটি ট্রলিং বোট আটক করেছে নৌবাহিনী। আটক করা হয়েছে ৩১ জন ভারতীয় জেলেকেও। মঙ্গলবার বিকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযানের সময় এই জেলেদের আটক করা হয়।
মৎস্য শিকারে নিষেধাজ্ঞার মধ্যে ভারতীয় ট্রলিং জাহাজগুলো বাংলাদেশে প্রবেশ করে মাছ ধরার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে মা ইলিশ রক্ষায় সরকার ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় ভারতীয় জাহাজ দুটি আটক হওয়ায় স্থানীয় বাংলাদেশী জেলেদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আত্মবিশ্বাস ফিরে এসেছে।
বুধবার সকাল ১০ টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। তিনি বলেন, আটককৃত জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে এবং তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জেলেরা জানান, ভারতীয় জেলেদের এভাবে ধরা পড়ার ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করেন, এর ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং মা ইলিশের মতো মূল্যবান মাছ রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে সাগর ও নদীতে নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে এবং বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, এ দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।