
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০:১৮

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা, যা শিক্ষা ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে। ঝালকাঠি জেলার পাসের হার ৮৫ দশমিক ৯৫, যা দ্বিতীয় স্থানে থাকা ভোলা জেলার ৮৪ দশমিক ৩৬ এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা এবার তৃতীয় অবস্থানে রয়েছে, পাসের হার ৮৩ দশমিক ৯৪।
এছাড়া, ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদ্রাসা এ বছরও শীর্ষ স্থান অর্জন করেছে। আলিম পরীক্ষায় পাসের হার ৯৯.২৩, যেখানে ২৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এর মধ্যে ২৫৭ জন উত্তীর্ণ হন। জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন, জিপিএ-৪ পেয়েছেন ১৪৫ জন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম ফলাফল প্রকাশের পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি সময়ের সাথে সাথে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রের পদচারণায় মুখরিত হয়েছে। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি।”
অধ্যক্ষ আরও জানান, প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে একাধিক কারণ। তারা মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠানের পরিচালনায় কোনো রাজনৈতিক চাপ নেই। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, ক্লাস টেস্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা রয়েছে।


এছাড়াও, আবাসিক ছাত্রদের নিয়মিত তদারকি এবং টিউটর শিক্ষকের সহায়তা তাদের ফলাফলকে আরও উন্নত করতে সহায়ক হয়েছে। নিয়মিত অভিভাবক সম্মেলনও শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলছে।
বিগত বছরের তুলনায় এই বছর সব জেলায় গড় পাসের হার বেড়েছে, যা শিক্ষার মান বৃদ্ধির একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরছে। বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
ঝালকাঠি জেলা ও এনএস কামিল মাদ্রাসার এই সাফল্য শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উৎসাহের উৎস হয়ে থাকবে।