
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৫৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার প্রথম প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় রোডে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী'র জেলা আমীর অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “এ কার্যালয় যুবকদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং ইসলামী মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন এবং নাজমুল হাসান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আব্দুল হাইসহ অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. সায়েম, এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী এনামুল হাসান। নেতৃবৃন্দ কার্যালয়টি যুবসমাজের উন্নয়নে এবং ইসলামী আদর্শ প্রচারে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ছাত্রশিবিরের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সংগঠনের সদস্যরা আগামীতে একত্রিত হয়ে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন, এমনটাই মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।