
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৪২

ঝালকাঠিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স টিমের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই অভিযানে পণ্য বিক্রির ক্ষেত্রে পাকা রশিদ সংরক্ষণ না করা এবং মালামালের অতিরিক্ত মওজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশেষ টাস্কফোর্স কমিটি শহরের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এ সময় কাঁচা শাকসবজি ও মুদি পণ্যের দোকানে ব্যাপক পরিদর্শন করা হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
টাস্কফোর্সের সদস্য সচিব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলমান থাকবে। ব্যবসায়ীদের উচিত সরকারি নির্দেশনা মেনে চলা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করা।” তিনি বলেন, “মূল্য তালিকা প্রদর্শন করা এবং ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এই অভিযান ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি করেছে এবং ভোক্তাদের মধ্যে আশার সঞ্চার করেছে। আগামী দিনগুলোতে আরও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করার আশা করছেন স্থানীয় প্রশাসন।