
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৮:৩৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়ায় এক ব্যবসায়ীর মাছের ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী সানু মিয়ার (৪৫) এই ঘটনায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, গত শুক্রবার রাতে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরেন সানু মিয়া। সকালে ঘেরে এসে তিনি দেখতে পান, রাতের আঁধারে কেউ বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। ঘেরের পানিতে মৃত মাছ ভাসতে থাকে, যা দেখে তিনি শোকাভিভূত হন।
প্রত্যক্ষদর্শী জুয়েল রানা বলেন, “সকালে শুনে আসি সানু মিয়ার ঘেরে মাছ মরে গেছে। এখানে এসে দেখি, বিষাক্ত ট্যাবলেট দেওয়ার কারণে ঘেরের সব মাছ মারা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ মুসুল্লি জানান, “সানু মিয়া আমাদের মসজিদের মুসুল্লি। তার ঘেরে বিষ প্রয়োগের খবর পেয়ে আসি এবং সব মাছ মারা যাচ্ছে দেখে হতবাক হয়েছি। এ ধরনের বড় ক্ষতির পেছনে যারা আছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি।”
কোনো ট্যাগ পাওয়া যায়নি

ক্ষতিগ্রস্ত সানু মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, “গভীর রাতে কে আমার এই ক্ষতি করেছে, তা আমি জানি না। সকালে এসে দেখি, সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় মাছ ধরতেও পারছি না। আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।”
লতাচাপলী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিজানুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি দুঃখজনক ঘটনা। কে বা কাহারা এ কাজ করেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে শানু মিয়াকে মহিপুর থানায় বিষয়টি অবহিত করার জন্য বলা হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “এটি সত্যিই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী যদি মহিপুর থানায় অভিযোগ করেন, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে সার্বিক সহযোগিতা করবো। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা এ ধরনের ঘটনা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।