
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:১২

"পর্যটন শান্তির সোপান" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতে গিয়ে মিলিত হয়। সেখানে বীচ ক্লিনিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরে শোভাযাত্রাটি পর্যটন হলিডে হোমস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে পর্যটন ইয়ুথ হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার উপ-পরিচালক জুয়েল রানা, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী প্রমুখ।
এছাড়া শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সভা শেষে কুয়াকাটা পর্যটন ভিত্তিক একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে পর্যটকরা হোটেল মোটেল রিসোর্ট বুকিংসহ কুয়াকাটার নানা বিষয় জানতে পারবেন।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটা পর্যটন উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষা, সেবা এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক সকল পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান।
তবে, এ বছর সাদামাটা ভাবে আয়োজন করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, কুয়াকাটা পর্যটনকে প্রমোট করতে বীচ ম্যানেজমেন্ট কমিটি ও পর্যটন করপোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন। স্থানীয়দের মতে, পর্যটনের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
**[গণমাধ্যমের সর্বশেষ খবর পেতে দৈনিক ইত্তেফাকের Google News অনুসরণ করুন।]**