
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৩:৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট মেয়ে শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে ৭২ ঘণ্টার মধ্যে তরফদারকে গ্রেফতার করার দাবি জানান বক্তারা।
'ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ' এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে আইন প্রয়োগকারী সংস্থাকে তরফদারকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়। জানা যায়, সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান।
মানববন্ধনে সংগঠক ডি কে সোলায়মান বলেন, “এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট বিদায় নিয়েছে বর্তমান সরকারের শাসন। কিন্তু এর পরেও দেশে শেখ হাসিনা ও তার পরিবারের দোসররা রয়ে গেছে। তাদের একজন তরফদার রুহুল আমিন, যিনি গত পনের দিন ধরে গণমাধ্যমে আলোচনা হলেও প্রশাসন নীরব রয়েছে।”

সোলায়মান আরো জানান, “আমরা অবাক হচ্ছি যে, এই ফ্যাসিস্ট তরফদার গ্রেফতার হওয়ার বদলে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা ৭২ ঘণ্টার মধ্যে তার গ্রেফতারের দাবি করছি। অন্যথায়, সামাজিক আন্দোলনের মাধ্যমে তীব্র কর্মসূচি গ্রহণ করবো।”

শতাধিক ছাত্রজনতা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান এবং সাঈদ নাছের। অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি, মনির হোসেন ও জুবায়ের আলম।
বক্তারা তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে নির্লজ্জ আচরণ ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তার বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তাদের আশা, প্রশাসন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।