
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:৫০

ভারতে এক পুরোহিত কর্তৃক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করেছে, যা কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে।” বক্তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ বিচার দাবি করেন এবং ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ, আশরাফ উদ্দিন শফি, শাহ মিসবাহ, রুহুল আমি, শাহ উসমান আলি জাকি, কামরুল হাসান শাওন আহমদ, অমি মিয়া এবং ইমাদ উদ্দিন। বক্তারা আরও বলেন, “এই ধরনের কটূক্তি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। আমাদের দাবি, ভারত সরকার যেন অবিলম্বে এসব অপরাধীদের শাস্তি দেয়।”

শিক্ষার্থীরা প্ল্যাকার্ড বহন করে ‘নবীর অবমাননা সহ্য করা হবে না’, ‘কটুক্তিকারীদের বিচার করতে হবে’ লেখা স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিরোধের ভাষা খুঁজে বের করতে এবং মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, “মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত।” শিক্ষার্থীদের এই বিক্ষোভ মৌলভীবাজারে ধর্মীয় সংহতি এবং নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।