
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০:৪

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তারা জানান, আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এ বছর রাজাপুর উপজেলায় ১৯টি মন্ডপে পুজা উদযাপিত হবে। তারা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।

সভায় নিরাপত্তা, পরিবেশ, এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মন্ডপগুলোতে যাতায়াত এবং দর্শনার্থীদের জন্য সুবিধার দিকেও গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, “পূজা উদ্যাপন আমাদের ঐতিহ্য এবং সামাজিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই মিলে এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করব।”

সভাটি শেষে, উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেওয়া হয়।