
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩

গাজীপুরের কালিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায়। আহত অবস্থায় আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়রা রাতেই ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত একজন শিশুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন পুরুষ, এক নারী এবং এক শিশু নিহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর এবং তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি