
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৩

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলের ৩২টি রোহিঙ্গা ক্যাম্পের স্কুলের হোস্ট টিচাররা বেতন বৃদ্ধিসহ চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় হ্নীলা স্টেশনে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, আন্তর্জাতিক এনজিও সংস্থা ইউনিসেফ, ইউএনএইচসিআর ও সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে পরিচালিত ৩২টি ক্যাম্পে প্রায় ৪ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। তারা ২০১৭ সাল থেকে শিক্ষা প্রকল্পে দায়িত্ব পালন করে আসছেন। তবে এ সময়ে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তাদের বেতন বৃদ্ধি পায়নি, যা তাদের জন্য আর্থিকভাবে কষ্টকর হয়ে উঠেছে।
মানববন্ধনের বক্তব্যে শিক্ষকরা উল্লেখ করেন, তাদের বেতন বর্তমানে ১৫ হাজার ৫০০ টাকা। কিন্তু বৃদ্ধি পাওয়া দ্রব্যমূল্যের সঙ্গে এই বেতন অপ্রতুল হয়ে পড়েছে। এর পাশাপাশি শিক্ষকরা মাতৃত্বকালীন ছুটি ও ভাতা, ক্লাস্টার সিস্টেম বাতিল, বিনা কারণে চাকরিচ্যুত না করার দাবিও জানান। তারা আরও দাবি করেন, প্রতি বছরের ঈদে উৎসব ভাতা প্রদান করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর শিক্ষক মোহাম্মদ ইউনুছ, ক্যাম্প-২৪ এর হামিদ হোছাইন হেভী, শালবাগান ক্যাম্প-২৬ এর রেজাউল করিম, ক্যাম্প-২৪ এর মাঈন উদ্দীন, আব্দুল আজিজ (ক্যাম্প-২৬), অণু মারমা (ক্যাম্প-২৭), মোরশিদা (ক্যাম্প-২৪), বেলাল উদ্দীন (ক্যাম্প-২৬), সাদিয়া আক্তার (ক্যাম্প-২৫), ইফতেখার উদ্দীন (ক্যাম্প-২৫), সাজেদা আক্তার (ক্যাম্প-২৫), নুরুল আবছার (ক্যাম্প-২৭) ও সঞ্চালনায় ছিলেন আফসানা ফাতেমা হোসাইন (ক্যাম্প-২৭)।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ বিষয়ে কোডেকের লেদা এরিয়া ফিল্ড কো-অর্ডিনেটর সুমন সিকদার জানান, শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধনের বিষয়টি তার জানা আছে এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে শিক্ষকদের বেতন ১৫ হাজার ৫০০ টাকা। শিক্ষকরা সরকারের কাছে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে এবং তাদের কাজের প্রতি আরও অনুপ্রাণিত হতে পারে।