
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ০:৫৬

ঝালকাঠির নলছিটি ওয়েস্ট পাওয়ার জোন ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসে আবাসিক প্রকৌশলী পদে কর্মরত মো. সোহেল রানা, যিনি গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার গুরু দায়িত্বে রয়েছেন। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, যার মধ্যে প্রধান অভিযোগ হলো তিনি নলছিটিতে তার কর্মস্থলে অবস্থান না করে বরিশালে পরিবারসহ বসবাস করছেন। তার এই কর্মকাণ্ডের ফলে বিদ্যুৎ সেবার মান তলানিতে পৌঁছেছে এবং গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
মো. সোহেল রানা নলছিটির অফিসে বেলা ১১টার পর উপস্থিত হন এবং দুপুরের পরে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশালের রুপাতলী হাউজিংয়ের ফ্লাটে ফিরে যান। জরুরি প্রয়োজনে গ্রাহকরা তাকে অফিসে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বরিশালের পাওয়ার হাউজে কাজ করছেন বলে জানালেও, সেখানেও তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এই অনুপস্থিতির কারণে তার অধীনস্থ কর্মচারিরাও কাজের ফাঁকি দিচ্ছেন, যার ফলে বিদ্যুৎ সেবায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে।
এছাড়াও, সোহেল রানার বিরুদ্ধে মিটার বানিজ্য, ভৌতিক বিল তৈরি, বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। তার অধীনে কাজ করা মিটার রিডিং কর্মীরাও অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানি করছেন। গ্রাহকরা অভিযোগ করেছেন যে, তারা এসব সমস্যার বিষয়ে আবাসিক প্রকৌশলীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি।
সরেজমিনে দেখা যায়, সোহেল রানার অনুপস্থিতির কারণে নলছিটি বিদ্যুৎ অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তার অধীনস্ত কর্মচারিরা গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন, লাইনম্যানরা লোডশেডিং বা লাইনের সংস্কারের প্রয়োজনে সঠিকভাবে কাজ করেন না, এবং অফিসে তৈরি করা হয়েছে একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে সোহেল রানা নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কার্যালয়টি জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কথা বলতে গেলে মো. সোহেল রানা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি দাবি করেন, অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে সঠিক কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হন।
নলছিটির বিদ্যুৎ বিভাগের এমন অবস্থার ফলে গ্রাহকদের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেবা খাতের প্রতি জনগণের আস্থা হ্রাস পাচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, দ্রুত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে বিদ্যুৎ সেবার মান উন্নত হয় এবং জনগণের ভোগান্তি লাঘব হয়।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের অবসান ঘটানো এবং বিদ্যুৎ সেবার মান পুনরুদ্ধার করা, যা বর্তমানে নলছিটি এলাকায় চরমভাবে প্রয়োজন।