শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলা বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। রবিবার দুপুরে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের আশ্বাস দেন যে, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে তাদের দল সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করা হবে। তারা আরও জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, "আপনাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা নিশ্চিন্তে দুর্গোৎসব উদযাপন করুন, বিএনপি আপনাদের পাশে রয়েছে।"
এছাড়াও, সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের আশঙ্কা এবং উদ্বেগের কথা তুলে ধরেন। তারা জানান, প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, যার কারণে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে, বিএনপি নেতাদের আশ্বাসে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আসন্ন উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।