
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ২:১৭

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষের কাছ থেকে 'গণত্রাণ সংগ্রহ কর্মসূচি' ব্যানারে সারাদেশের বন্যা দূর্গত মানুষের জন্যে নগদ টাকা ও প্রয়োজনীয় সহযোগীতা সংগ্রহ করেছেন।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে ত্রান সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন তারা।
দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী অনুদান বক্স নিয়ে জেলা পার্কের গেটে বসে রয়েছেন। পার্কে ঘুরতে আসা দর্শনার্থী ও সাধারন পথচারীরা তাদের অনুদান বক্সে সামর্থ অনুযায়ী সহযোগিতা করছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।
পার্কে ঘুরতে আসা আবু কাওছার অন্তু নামে এক দর্শনার্থী প্রবেশ পথে অনুদান বক্সে নগদ টাকা দিচ্ছেন এ সময় তার সাথে কথা হলে তিনি বলেন, গত ৩দিন যাবৎ বন্যার যে ভয়াল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সত্যিই মর্মান্তিক। লাখ লাখ মানুষের কষ্ট দেখে সামান্য সহযোগীতার হাত বাড়িয়েছি। এ ভাবে সবাই এগিয়ে আসলে কিছুটা হলেও আমরা এই দূর্যোগ মোকাবিলা করতে পারবো।


ত্রান সংগ্রহ কার্যক্রমের সাথে জড়িত শিক্ষার্থী সাফিউল ইসলাম বলেন, আমরা মানবিক মূল্যবোধ ও বিবেকের তাড়নায় বন্যা কবলিত এলকার মানুষের জন্য একটু হলেও যাতে কাজ করতে পারি সে কারনে আমরা ত্রান সংগ্রহ করছি।
তাহমিদুল ইসলাম তামিম নামে একজন শিক্ষার্থী জানান, যেহেতু আজ ছুটির দিন শুক্রবার স্বাভাবিক ভাবে অনেক মানুষ জেলা পার্কে ঘুরতে আসে। তাই আমরা জেলা পার্কের গেটে ত্রান সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করি। অনেক মানুষ সহযোগিতা করছেন। তবে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে বন্যার্ত মানুষের জন্য তারা সহযোগিতার হাত আরো প্রসারিত করবে ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শিক্ষার্থী উম্মে খাতিজা বলেন, আমরা আজ থেকে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন এলাকায় ত্রান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাবো। প্রতিদিন সকাল থেকে রাত ৮পর্যন্ত ত্রান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিনের সংগ্রহিত অর্থ "আস সুন্নাহ ফাউন্ডেশন" মাধ্যমে পাঠানো হবে।